
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:ভাওয়াইয়া গানের সমৃদ্ধ ঐতিহ্য ও উত্তরবঙ্গের লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব। ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ এ উৎসবের আয়োজন করা হয়েছে।
‘সুরে বাঁধা উত্তরের প্রাণ—ভাওয়াইয়া উৎসব’ স্লোগানে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে অবস্থিত স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে উৎসবটি অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রামের আয়োজনে এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।
ভাওয়াইয়া গানের ধাম ও নদ-নদীময় কুড়িগ্রামের লোকজ ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে ভাওয়াইয়া সংগীতের চর্চা, প্রসার এবং সংরক্ষণে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন সংস্কৃতিপ্রেমীরা। উত্তরবঙ্গের মানুষের জীবন-জীবিকা, প্রকৃতি, প্রেম-বিরহ ও আবেগের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে ভাওয়াইয়া গান। এ অঞ্চলের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতেও ভাওয়াইয়া সংগীতের গুরুত্ব অপরিসীম।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ ছাড়া উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন এবং কুড়িগ্রাম জেলা জাসাসের সভাপতি জাকি মোঃ আহসান হাবীব সজীব।
আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে ভাওয়াইয়া গানের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার পাশাপাশি স্থানীয় শিল্পীদের সংগীতচর্চায় উৎসাহ জোগানো এবং নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে লোকসংগীতের এ সমৃদ্ধ ধারাকে জাতীয় পর্যায়ে আরও পরিচিত করে তোলার ক্ষেত্রেও উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের জন্মবার্ষিকীকে ঘিরে আয়োজিত এ উৎসব কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। উৎসবের মধ্য দিয়ে উত্তরবঙ্গের মাটির সুর, মানুষের আবেগ এবং ঐতিহ্যের ধারাকে আরও বেগবান করার প্রত্যাশা আয়োজকদের।
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৮ |
| সূর্যোদয় | ভোর ৭:০৫ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৫ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
| এশা | রাত ৭:৩৬ |