
রাজধানীর মিরপুরে যানজট ও সড়কের বিশৃঙ্খলা কমিয়ে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং–ঢাকা-২৪০৫) নবনির্বাচিত কমিটি।
বাসস্ট্যান্ডে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন মেনে চলতে বাসচালক, শ্রমিক ও যাত্রীদের সচেতন করতে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মিরপুরের বিভিন্ন বাসস্ট্যান্ডে গণসংযোগ করেন সংগঠনের নেতারা।
কর্মসূচির অংশ হিসেবে মিরপুর-১২, মিরপুর-১০ ও মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডে বাসচালক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের সঙ্গে কথা বলেন সংগঠনের নেতারা। তাঁরা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং যানজট নিরসনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, বাসস্ট্যান্ডগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যানজট ও জনভোগান্তি কমাতে শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নির্ধারিত স্থানে বাস রাখা ও যাত্রী ওঠানামা নিশ্চিত করতে কাজ করা হবে।
এ সময় বাস বে-তে বাস রাখা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা, সড়কে অযথা বাস দাঁড় করিয়ে না রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে শ্রমিকদের সচেতন করা হয়। একই সঙ্গে পথচারী ও যাত্রীদেরও সড়ক ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, জনসাধারণের ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়া হবে।
কর্মসূচিতে সংগঠনের কার্যকরী সভাপতি মো. আজিজ ব্যাপারী, সহসভাপতি মো. মাসুদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শিকদার, মো. নিজাম, সড়ক সম্পাদক মো. রাব্বিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৩ |